কৃষি খবর ডেস্ক: চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় অবৈধভাবে সার মজুদের দায়ে আটটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৮০০ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে জেলা প্রশাসন। লাইসেন্স ছাড়া সার মজুদের অপরাধে দুই ব্যবসায়ীকে মোট ৬ লাখ টাকা অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি একজনকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বাকলিয়া থানাধীন ভেড়ামার্কেট ও নতুন চাক্তাই এলাকায় বিশেষ এ অভিযান চালানো হয়। তল্লাশিকালে অনুমোদনহীন আটটি গুদাম থেকে আনুমানিক ১ হাজার ৮০০ বস্তা টিএসপি, এমওপি ও ডিএপি সার জব্দ করা হয়। জব্দ করা এসব সার প্রচলিত আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচলাইশ মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা এবং বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) যৌথ জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানকালে আইনের সুস্পষ্ট ধারা লঙ্ঘনের দায়ে এক ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অপর এক ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানার পাশাপাশি ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। দণ্ডিত উভয় ব্যবসায়ীর জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে নগদ আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাকিব উল আলম বলেন, ‘অবৈধভাবে সার মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে কৃষকদের ভোগান্তিতে ফেলার কোনো সুযোগ নেই। এ বিষয়ে জেলা প্রশাসনের কঠোর নির্দেশনা রয়েছে।’ কৃষি উপকরণের সঠিক সরবরাহ ও সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে জনস্বার্থে এ ধরনের নজরদারি ও তদারকি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান তিনি।





