কৃষি খবর ডেস্ক: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সিদ্ধান্ত, শরীয়তপুরের মানুষের প্রতি ভালোবাসায় শরীয়তপুরে কৃষি বিশ্ববিদ্যালয়ের নির্মাণ করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর ৩ এর সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যায় জয়ন্তী নদীসংলগ্ন প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি এ অঞ্চলে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে।
বিশ্ববিদ্যালয়ের স্থান নির্বাচন প্রসঙ্গে হুইপ বলেন, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য বিপুল পরিমাণ জমি ও উপযুক্ত পরিবেশ প্রয়োজন। জমির প্রাপ্যতা, পরিবেশ ও অর্থনৈতিক বিষয়গুলো বিবেচনায় নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে পরামর্শ করে এ স্থান নির্বাচন করা হয়েছে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে অন্য কোনো স্থানে জমি অধিগ্রহণের ব্যয় বহন করা কঠিন হতো।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, এখানকার মানুষ বিশ্ববিদ্যালয়ের জন্য নিজেদের জমি ও বসতবাড়ি ছেড়ে দিতেও সম্মতি জানিয়েছেন। তাঁদের এ ত্যাগ ও সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞ।
হুইপ অপু বলেন, শরীয়তপুরের ওপর দিয়ে বরিশালগামী রেললাইন নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে ফিজিবিলিটি স্টাডির প্রস্তুতি চলছে। বিষয়টি নিয়ে মন্ত্রী ও সচিবের সঙ্গে বৈঠক করেছেন বলেও জানান তিনি।
পরিদর্শনকালে শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হোসেন উদ্দিন শেখর, জেলা প্রশাসক তাহসিনা বেগমসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






