কৃষি খবর ডেস্ক: রাজশাহীতে জনসভায় যোগ দিয়ে এক ক্লিকেই প্রায় ৩৯ হাজার আখচাষির জন্য ১২ কোটি টাকার সরকারি প্রণোদনা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার, ২০ অক্টোবর বিকেলে নগরের ঐতিহাসিক মাদরাসা মাঠে জনসভার মঞ্চে বসে ল্যাপটপের বাটন চেপে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। এর পরপরই কৃষকদের ব্যাংক হিসাবে প্রণোদনার অর্থ জমা হয়। মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে অর্থ জমার খবর পান উপকারভোগীরা।

প্রণোদনা বিতরণ কার্যক্রমের প্রথম পর্বে প্রধানমন্ত্রী জানান, ৩৮ হাজার ৯৭০ জন কৃষককে মোট ১২ কোটি টাকা প্রণোদনা দেওয়া হয়েছে। পরে দেশের ১৫টি চিনিকল এলাকার ১৫ জন আখচাষির হাতে প্রতীকী চেক তুলে দেন তিনি।

প্রণোদনা বিতরণ শেষে শুরু হয় জনসভার দ্বিতীয় পর্ব। এতে বিএনপির সংসদ সদস্য ও দলীয় নেতারা বক্তব্য দেন। জনসভায় প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাজশাহী সফরে এসেছেন তারেক রহমান। মঙ্গলবার বিকেল ৩টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান তিনি। নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে পৌঁছানোয় সফরসূচিতে পরিবর্তন এনে সরাসরি জনসভাস্থলে যান প্রধানমন্ত্রী। বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মাদরাসা মাঠে পৌঁছান।

এ কারণে নগরের গণকপাড়ায় রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন এবং সার্কিট হাউসে মধ্যাহ্নবিরতির কর্মসূচি বাদ দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কয়েক দিন ধরে রাজশাহী নগরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। বিমানবন্দর থেকে তাঁর যাত্রাপথসহ বিভিন্ন সড়কে সংস্কার, পিচ ঢালাই ও রঙের কাজ করা হয়। দেয়ালে আঁকা হয় চিত্র, মেরামত করা হয় ড্রেন। ফুটপাত থেকে হকারদের সরিয়ে যাত্রাপথ পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করা হয়।

জনসভার জন্য ঐতিহাসিক মাদরাসা মাঠে তৈরি করা হয় বড় মঞ্চ। মাঠের উঁচু-নিচু অংশ সমান করার কাজও চলে। গত কয়েক দিন বিএনপির নেতাকর্মীরা মাঠে উপস্থিত থেকে প্রস্তুতির কাজ তদারক করেন।

বিকেলে জনসভা শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই রাজশাহীর বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে তাঁরা জনসভাস্থলে আসেন। দুপুর আড়াইটার মধ্যে নেতাকর্মীদের উপস্থিতিতে মাঠ পূর্ণ হয়ে যায়। দুপুর থেকেই মঞ্চে বিএনপির জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

এদিকে প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সকাল থেকেই রাজশাহী-নওগাঁ মহাসড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকেন হাজারো মানুষ। বিভিন্ন স্থানে পতাকা হাতে অপেক্ষা করেন সমর্থক ও সাধারণ মানুষ। নেতাকর্মীদের স্বাগত জানানো এবং মানুষের উচ্ছ্বাসে রাজশাহীতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

রাজশাহী সফর শেষে সামরিক বিমানে চট্টগ্রামের উদ্দেশে প্রধানমন্ত্রীর রওনা হওয়ার কথা রয়েছে। এর আগে মঙ্গলবার সকালে তিনি রংপুরে রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করেন এবং সেখানে আয়োজিত পথসভায় বক্তব্য দেন।