কৃষি কবর ডেস্ক: পান রপ্তানিকে ঘিরে দীর্ঘদিনের আইনগত জটিলতায় আপাতত স্বস্তি ফিরেছে। বাংলাদেশ থেকে পান রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির প্রত্যয়নপত্র গ্রহণের যে শর্ত হাইকোর্ট বিভাগের আদেশের মাধ্যমে কার্যকর হয়েছিল, তার কার্যকারিতা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি মো. রেজাউল হক।
রোববার (৪ অক্টোবর) এক আদেশে তিনি হাইকোর্ট বিভাগের গত ৬ আগস্টের ওই আদেশের কার্যকারিতা স্থগিত করেন। এর ফলে পান রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির প্রত্যয়নপত্র বাধ্যতামূলক করার শর্তটি আপাতত কার্যকর থাকছে না।
এর আগে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ রিট পিটিশন নং ৫৪১৯/২০২৬-এর ওপর গত ৬ আগস্ট আদেশ দেন। ওই আদেশে বলা হয়, বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির প্রত্যয়নপত্র ছাড়া বাংলাদেশ থেকে পান রপ্তানি করা যাবে না। ফলে পান রপ্তানির ক্ষেত্রে সমিতির প্রত্যয়নপত্র নেয়ার শর্ত বাধ্যতামূলক হয়ে পড়ে।
হাইকোর্টের ওই আদেশের কার্যকারিতা চ্যালেঞ্জ করে রাষ্ট্রের পক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে মহাপরিচালক, বাণিজ্য সংগঠন Civil Petition for Leave to Appeal No. 3659 of 2026 দাখিল করেন।
আজ ওই আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি মো. রেজাউল হক হাইকোর্ট বিভাগের ৬ আগস্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেন। ফলে ওই আদেশের মাধ্যমে পান রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির প্রত্যয়নপত্র গ্রহণের যে বাধ্যতামূলক শর্ত আরোপ করা হয়েছিল, সেটি আপাতত স্থগিত রয়েছে।
পান বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ কৃষিপণ্য। সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান অনুসরণ করে রপ্তানি কার্যক্রম পরিচালিত হলে এ খাতে রপ্তানি সম্প্রসারণের পাশাপাশি পানচাষি ও রপ্তানিকারকদের জন্য নতুন বাজার সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট মহল আশা করছে।




