কৃষি খবর ডেস্ক: ঢাকার বাজারে গত সপ্তাহের তুলনায় কয়েক ধরনের চালের দাম বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ট্রাকভাড়া বেড়ে যাওয়া, ধানের দাম ও মৌসুমি প্রভাবের কারণে চালের বাজারে এই পরিবর্তন এসেছে। একই সঙ্গে টমেটো ও কাঁচা মরিচসহ কয়েকটি সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। তবে কিছু সবজির দাম কমেছে।

শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, আটাশ চালের কেজি বিক্রি হচ্ছে ৬৩ থেকে ৬৫ টাকায়। গত সপ্তাহে এই চালের দাম ছিল ৬২ থেকে ৬৩ টাকা। মিনিকেট চালের দাম কেজিতে ২ টাকা বেড়ে হয়েছে ৭৫ টাকা। আর পাইজাম চালের দাম ৫৮ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬০ টাকায়।

তবে মোটা চালের দাম অপরিবর্তিত রয়েছে। গুটি স্বর্ণাসহ বিভিন্ন ধরনের মোটা চাল কেজিপ্রতি ৫০ থেকে ৫৫ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীদের ভাষ্য, পরিবহন খরচ বেড়ে যাওয়ায় চালের দামেও এর প্রভাব পড়েছে। মালিবাগ বাজারের চাল ব্যবসায়ী চিশতি জানান, কয়েক ধরনের চালের প্রতি বস্তায় দাম বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা।

সবজির বাজারে বেগুন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা, শিম ১২০ থেকে ১৬০ টাকা এবং টমেটো ১২০ টাকা কেজি দরে। পটোল ও ঢ্যাঁড়সের দাম কেজিতে ৫০ থেকে ৬০ টাকা। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি।

অন্যদিকে, পেঁপের দাম কমে কেজিপ্রতি ২০ টাকায় নেমেছে। সবজি বিক্রেতাদের আশা, শীতের নতুন সবজি বাজারে উঠতে শুরু করলে দাম আরও কিছুটা কমতে পারে।

এদিকে, বাজারে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৩০ টাকা কেজি দরে। ব্রয়লার মুরগির দাম ১৮০ থেকে ১৯০ টাকা। গরুর মাংসের কেজি ৮২০ থেকে ৮৫০ টাকা। মাছের বাজারে রুই মাছ বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩৫০ টাকা কেজি। কই মাছ ২৪০ টাকা, পাঙাশ ২৩০ টাকা এবং পাবদা ৩৫০ টাকা কেজি দরে। সব মিলিয়ে চাল ও কিছু সবজির বাড়তি দামে ক্রেতাদের বাজার খরচে চাপ তৈরি হয়েছে। তবে তেল, চিনি ও ডিমের দাম এখনো স্থিতিশীল রয়েছে। সূত্র: জাগো নিউজ