জেলা প্রতিনিধি, বগুড়া: উত্তরাঞ্চলের শস্যভান্ডার হিসেবে খ্যাত বগুড়া জেলায় সারা বছরই কোন না কোন সবজি উৎপাদন হয়। বগুড়ার লাল বেগুনের কদর গোটা দেশেই আছে। শীত শুরু না হলেও বগুড়ায় শুরু হয়েছে শীতকালীন আগাম বেগুনের চাষ। 

এদিকে পূর্ব বগুড়ার প্রায় সর্বত্র এখন চলছে সবজি চাষের মৌসুম। সদর উপজেলার শাখারিয়া গ্রামের কৃষক আব্দুল মতিন। প্রতি বছরের মত এবারও তিনি এক বিঘা জমিতে শীতকালীন আগাম জাতের লাল বেগুনের চাষ করেছেন। 

জমি চাষ, সার, আগাছা পরিষ্কার, পানি সেচ সব মিলে তার খরচ হয়েছে প্রায় বিশ হাজার টাকা। এখন তাঁর জমি থেকে বেগুন তুলে বাজারে বিক্রি শুরু হয়ে গেছে। কৃষক আব্দুল মতিন আশা করছেন তার এই জমির বেগুন ৫০ থেকে ৬০ হাজার টাকা বিক্রি করবেন। সব খরচ বাদ দিয়ে ভালো লাভবান হবেন তিনি। তার দেখাদেখি অনেকেই এবার আগাম জাতের শীতকালীন বেগুনের চাষ শুরু করেছেন। বর্তমান বাজারে প্রতি কেজি লাল বেগুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা। 

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর জেলায় আগাম শীতকালীন সবজির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ হাজার হেক্টর জমি। 

সবজির জন্য বগুড়া একটি বিখ্যাত জেলা বিশেষ করে বগুড়ার বেগুন দেশের বিভিন্ন স্থানে চলে যায়। আগাম ফসল এবং সুস্বাদু হওয়ায় বেগুনের চাহিদা অনেক বেশি। তাই হাটবাজারে ব্যাপক ভাবে বেচাকেনা হচ্ছে। শীতের জন্য যে বেগুন চাষ করা হয় সেটা এখনও ফলন দেওয়া শুরু করেনি। যে কারণে আগাম এই সবজি চাষ করে কৃষকের মুখে হাসি ফুটিয়েছে।