কৃষি খবর ডেস্ক: সিরাজগঞ্জের কাজীপুরের যমুনা নদীতে রাতের আঁধারে বিদ্যুৎ শক দিয়ে মাছ শিকার করায় দুজনকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। 

বুধবার (১৪ অক্টোবর) রাতে সিরাজগঞ্জ সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কাজীপুর উপজেলার খাসরাজবাড়ি ইউনিয়নের গোদারবাগ এলাকা থেকে ওই দুজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার বেড়া পাঁচকড়িয়া গ্রামের চান মিয়া (৩০) ও একই গ্রামের শাকিল আহমেদ (২২)। এ সময় মাছ শিকারে উচ্চক্ষমতাসম্পন্ন ব্যাটারি ও বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করা হয়।

ওসি আরও জানান, এ পদ্ধতিতে নির্দিষ্ট এলাকার সব প্রকার জলজ প্রাণী বৈদ্যুতিক শকপ্রাপ্ত হয়। ফলে, রেণু থেকে শুরু করে বড় মাছ পর্যন্ত বৈদ্যুতিক শকে পানিতে ভেসে ওঠে। পরে অসাধু মাঝিরা তখন একটি চাকতির মতো জাল দিয়ে এসব মাছ পানি থেকে নিজেদের নৌকায় সংগ্রহ করেন। পরবর্তীতে মাছগুলো যমুনাপাড়ের আড়ত বা বিভিন্ন স্থানে বিক্রি করেন।