কৃষি খবর ডেস্ক: কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর ‘এফভি রিফাত’ নামের একটি ফিশিং বোট ১৩ জন জেলেকে নিয়ে টেকনাফ থেকে মাছ ধরতে গভীর সমুদ্রে যায়। সোমবার বিকেল ৪টার দিকে মাছ আহরণ শেষে টেকনাফের পোতাশ্রয়ে ফেরার পথে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে বোটটি সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে নিয়ন্ত্রণহীনভাবে ভাসতে থাকে। একপর্যায়ে বোটে থাকা এক জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।
খবর পেয়ে কোস্ট গার্ড দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। গভীর সমুদ্রে টহলরত কোস্ট গার্ডের জাহাজ ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়।
পরে অভিযান চালিয়ে সেন্টমার্টিন থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটটির সন্ধান পাওয়া যায়। এরপর বোটসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করে কোস্ট গার্ড।
উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং তাদের প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। বর্তমানে বোটসহ উদ্ধার করা জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



