কৃষি খবর ডেস্ক: শীত মৌসুম শুরু হওয়ার আগেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জলাশয়গুলোতে আসতে শুরু করেছে পরিযায়ী পাখি। এসব পাখির নিরাপদ বিচরণ ও অভয়ারণ্য নিশ্চিত করতে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধসহ একাধিক নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়। এতে বলা হয়, পাখির নিরাপদ আবাস ও অবাধ বিচরণ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের অংশীজনকে নিরাপদ দূরত্ব বজায় রেখে পাখি পর্যবেক্ষণ করতে হবে।

নির্দেশনায় জলাশয়ের পাড়ে গাড়ি পার্কিং ও জলাশয়ে মাছ ধরা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এ ছাড়া ঢোল বাজানো, পটকা ফোটানো, হাততালি দেওয়া কিংবা অন্য কোনোভাবে উচ্চ শব্দ সৃষ্টি করা নিষেধ করা হয়েছে। পাখিদের ভয়ভীতি দেখানোসহ জলাশয়ে পানির বোতল ও পলিথিন ফেলতেও নিষেধ করা হয়েছে।

পাখির প্রতি ভালোবাসা ও মমত্ববোধের মাধ্যমে তাদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা সম্ভব উল্লেখ করে এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।