জেলা প্রতিনিধি, বগুড়া: বগুড়ার দু’টি উপজেলায় ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে সার, বীজ ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
আজ রবিবার সকালে এনসিসি ব্যাংকের উদ্যোগে জেলার গাবতলী উপজেলার পদ্মপাড়া গ্রামে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। পরে দুপুরে একই উপজেলার বাগবাড়িতে এবং বিকেলে পাশের শিবগঞ্জ উপজেলার মহাস্থান মাদ্রাসা মাঠে কৃষকদের মাঝে কৃষি উপকরণ এবং নগদ টাকা বিতরণ করা হয়।
কৃষকরা জানিয়েছেন, সহায়তা হিসেবে তারা ২০ কেজি করে ডিএপি, ১৫ কেজি এমওপি, ১০ কেজি জিপসাম, ১ কেজি জিংক, হাফ কেজি বোরণ, এক কেজি সরিষা বীজ এবং আরও ছয় ধরনের সবজির বীজ পেয়েছেন। এছাড়া তাদের প্রত্যেককে আর্থিক সহায়তাও করা হয়েছে।
প্রধান অতিথি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু কৃষকদের সহায়তার জন্য এনসিসি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এসব উপকরণ কৃষকদের চাষাবাদে সহায়তা করবে।
অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের কর্মকর্তারা ভবিষ্যতেও কৃষকদের উন্নয়নে কাজ করে যাওয়ার কথা জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পল্লী উন্নয়ন একাডেমি-আরডিএ’র ভারপ্রাপ্ত মহাপরিচালক আব্দুল মজিদ, এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নূরুন নেওয়াজ সেলিম ও ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন বক্তৃতা করেন।
বিনামূল্যে সার, বীজ এবং নগদ অর্থ সহায়তা পেয়ে খুশি কৃষকরা। তারা বলছেন, আমন ধান কাটার পর পরই তারা সরিষাসহ সবজির আবাদে সার এবং বীজগুলো ব্যবহার করতে পারবেন।




