জেলা প্রতিনিধি, নীলফামারী: নীলফামারী সদর উপজেলার দাউদপাড়ায় মাত্র ৯ শতক জমিতে পটল চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন কৃষক চয়ন আলী। অল্প জমিতে সবজি চাষ করে ইতোমধ্যে ভালো আয়ের মুখ দেখেছেন তিনি।

কৃষক চয়ন আলী জানান, পটল চাষে এ পর্যন্ত তাঁর খরচ হয়েছে প্রায় ৯ হাজার টাকা। আর এখন পর্যন্ত পটল বিক্রি করে আয় করেছেন ২৫ হাজার টাকা। এতে খরচ বাদ দিয়ে তাঁর লাভ হয়েছে ১৬ হাজার টাকা।

তবে সম্প্রতি পটলগাছে পচন ধরায় কিছুটা দুশ্চিন্তায় পড়েছেন তিনি। ফসল রক্ষা ও ভালো ফলনের আশায় জমিতে কীটনাশক স্প্রে করছেন এই কৃষক। তাঁর আশা, গাছের রোগ নিয়ন্ত্রণে এলে পটলের ফলন আরও ভালো হবে এবং আয়ও বাড়বে।

কৃষক চয়ন আলীর এই উদ্যোগ প্রমাণ করে, স্বল্প জমিতেও পরিকল্পিতভাবে সবজি চাষ করে আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব। কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতা পেলে তাঁর মতো ক্ষুদ্র কৃষকেরা আরও ভালো ফলন ও লাভের মুখ দেখতে পারবেন।