কৃষি খবর ডেস্ক: ভারতের পূর্ব উপকূলে আঘাত হানা প্রবল ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। তবে দেশটির একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে মৃতের সংখ্যা নয়জন বলে উল্লেখ করা হয়েছে। ঝড়ের আঘাতে বিদ্যুৎ অবকাঠামোসহ বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার ভোরে অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলে উঠে আসে ঘূর্ণিঝড় অর্ণব। স্থলে প্রবেশের পর দুর্বল হতে শুরু করা ঝড়টি বৃহস্পতিবার ভোরে নিম্নচাপে পরিণত হয়। এ সময় এটি ছত্তীশগড় ও দক্ষিণ ওড়িশার সংলগ্ন এলাকায় অবস্থান করছিল।

ক্ষতিগ্রস্ত ১৫ হাজার বিদ্যুতের খুঁটি

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের আঘাতে রাজ্যে অন্তত ১৫ হাজার বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনাসিম ও পশ্চিম গোদাবরি জেলা ছাড়া অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়েছে বলে জানান তিনি।

উপকূলে আটকে ২০ নাবিক

ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশ উপকূলে ২০ জন নাবিকসহ মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ আটকে পড়েছে। উত্তাল সাগরের কারণে বৃহস্পতিবারও জাহাজটি আটকে ছিল।

সম্ভাব্য জলোচ্ছ্বাস ও বন্যার আশঙ্কায় অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলীয় নিচু এলাকা থেকে এক লাখ ৮০ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়। পরিস্থিতির কারণে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। বাতিল করা হয়েছে কয়েকটি ট্রেন ও ফ্লাইট।

ঘূর্ণিঝড় অর্ণব দুর্বল হয়ে পড়লেও অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম চলছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনরুদ্ধার এখন কর্তৃপক্ষের প্রধান চ্যালেঞ্জ।