রয়টার্স: আগস্টে ভয়াবহ বন্যায় অন্তত ১,৪৫৫ জনের মৃত্যু এবং হাজার হাজার মানুষ নিখোঁজ হওয়ার পর তাদের খোঁজ ও উদ্ধারের অভিযান শেষ করেছে নেপাল। দেশটির কর্মকর্তারা সোমবার (৫ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন।
গত ২৬ আগস্ট চীনের তিব্বত অঞ্চলের সীমান্তবর্তী এলাকা থেকে বন্যার সূত্রপাত হয়। বন্যার পর অন্তত ৫,২৮৫ জন নিখোঁজ ছিলেন। এছাড়া ১৩,৭৯৫ জনকে উদ্ধার করা হয়েছে।
দেশটির জাতীয় জরুরি কার্যক্রম কেন্দ্রের প্রধান ফণীন্দ্র পৌডেল রয়টার্সকে বলেন, “আমরা এখন অনুসন্ধান ও উদ্ধার পর্যায় থেকে অনুসন্ধান ও পুনর্বাসন পর্যায়ে চলে যাচ্ছি।”
তিনি জানান, নিখোঁজ ব্যক্তিদের আইনগতভাবে মৃত ঘোষণা করার প্রক্রিয়া কীভাবে সম্পন্ন করা যায়, তা নিয়ে কর্তৃপক্ষ ভাবছে। এর মাধ্যমে তাদের পরিবার ও স্বজনেরা বীমা, ব্যাংকিং এবং অন্যান্য আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন।
পৌডেল বলেন, “প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আমরা যথাযথ প্রক্রিয়া শুরু করছি।”
জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান ধরম রাজ উপ্রেতি বলেন, কর্তৃপক্ষ এখন আর সক্রিয়ভাবে মৃতদেহের সন্ধান চালাবে না। তবে পুনর্বাসন কার্যক্রমের সময় কোনো দেহাবশেষ, সম্পত্তি বা মূল্যবান সামগ্রী পাওয়া গেলে তা উদ্ধার করা হবে। প্রয়োজন হলে জরুরি উদ্ধার অভিযান অবশ্য চালানো হবে বলেও তিনি জানান।
বন্যায় ১২টি জলবিদ্যুৎ প্রকল্প, পাশাপাশি রাস্তা, সেতু, কৃষিজমি ও বহু বসতি ধ্বংস হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় বাস্তুচ্যুত হাজার হাজার মানুষের প্রাথমিক পুনরুদ্ধার ও পুনর্বাসনের জন্য প্রায় ৫ বিলিয়ন ডলার প্রয়োজন।






