খবর ডেস্ক: কুষ্টিয়ায় ভেজাল ডিএপি সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দ করা হয়েছে ২৫ বস্তা ভেজাল সার।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শহরতলির ত্রিমোহনী বাজার এলাকায় রোহান ট্রেডার্স নামে একটি দোকানে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ।
সেখানে ভেজাল সার বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে সারের মান পরীক্ষা করা হয়। মানহীন ও প্রতারণার প্রমাণ মিলায় দোকান মালিককে জরিমানা করা হয়। পরে জব্দ ২৫ বস্তা সারগুলো ধ্বংস করা হয়।
কুষ্টিয়া সদর সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন বলেন, উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে জানতে পারি ত্রিমোহনীর এক ডিলার ভেজাল সার বিক্রি করছেন। তিনি আরেক জায়গা থেকে এনে সার বিক্রি করতেন, সেখানে ২৫ বস্তা ভেজাল সার মিশ্রিত বস্তা পাওয়া যায়। অভিযান চালিয়ে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় ডিলারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।





