খবর ডেস্ক: কুমিল্লার আদর্শ সদর উপজেলায় কাপড়ে ব্যবহৃত রং মিশিয়ে মরিচের গুঁড়ো লাল করা এবং নষ্ট ও পোকায় খাওয়া মরিচ দিয়ে মসলা তৈরির অভিযোগে একটি মসলার মিলকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুর্গাপুরের বারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ‘আরমান মসলার মিল’কে এ জরিমানা করা হয়।
অভিযানে মিলটিতে অস্বাস্থ্যকর পরিবেশে হলুদ ও মরিচের গুঁড়ো সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করতে দেখা যায়। এ সময় ভালো মরিচের সঙ্গে নষ্ট ও পোকায় খাওয়া মরিচ মেশানোর পাশাপাশি মরিচের গুঁড়োর রং আকর্ষণীয় করতে কাপড়ে ব্যবহৃত রং মেশানোর সময় প্রতিষ্ঠানটিকে হাতেনাতে ধরা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে রং মেশানো মরিচের গুঁড়ো এবং নষ্ট ও পোকায় খাওয়া মরিচ ধ্বংস করা হয়। পরে প্রতিষ্ঠানটির কাছ থেকে মুচলেকা নিয়ে দুর্গাপুর মার্কেট কমিটির জিম্মায় দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করা হয়।





