কৃষি খবর ডেস্ক: পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। পাবনা জেলা পুলিশ সুপার আবু আশ্রাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ও আহতরা শুক্রবার বিকেলে সোনাপাতিল বিলে মাছ ধরতে যান। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা বাড়ির উদ্দেশে রওনা হন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু জানান, বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সময় তারা একটি মাচাং ঘরে আশ্রয় নিয়েছিলেন। ঘরটি ছিল পলিথিনের, চৌকি ছিল। সেখানেই বজ্রপাত ঘটে। যারা নিহত হয়েছেন তারা কিশোর ও তরুণ।
তিনি আরও জানান, বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জন মারা গেছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আমাদের একটি টিম সেখানে গিয়েছে।’
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।




