কৃষি খবর ডেস্ক: কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় বেশি দামে বিক্রির উদ্দেশে এক উপজেলা থেকে অন্য উপজেলায় নৌকাযোগে সার পাচারের সময় ১শ’ ৮বস্তা সার জব্দ করেছে নৌ পুলিশ। গতকাল শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার এলংজুরি ইউনিয়নে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, নৌকাযোগে সার পাচার করা হচ্ছে-এমন গোপন তথ্যের ভিত্তিতে এলংজুরি ইউনিয়নে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সার পাচারের সঙ্গে জড়িতরা পালিয়ে যায়। পরে নৌকাসহ ১শ’ ৮বস্তা সার জব্দ করা হয়।
কিশোরগঞ্জ নৌ-পুলিশের পরিদর্শক মো. জামাল হোসেন বাসস’কে বলেন, শুক্রবার রাত ১০টার দিকে গোপন সূত্রে জানতে পারি বেশি দামে বিক্রির উদ্দেশে নৌকাযোগে এক উপজেলা থেকে অন্য উপজেলায় সার পাচার করা হচ্ছে। সারগুলো এলংজুরি বাজার থেকে খালাস করার কথা ছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়। পরে নৌকাসহ সার জব্দ করা হয়।





