কৃষি খবর ডেস্ক: চাঁদপুরের অনুমোদনহীন ড্রেজার দিয়ে কৃষিজমি থেকে মাটি ও বালু উত্তোলনের দায়ে জমির মালিককে ১ লাখ টাকা এবং ড্রেজার মেশিনের মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত পাইপও বিনষ্ট করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের রাজারামপুর কর্নপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দণ্ডাদেশ দেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
জানা গেছে, অনুমোদন ছাড়াই ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে মাটি ও বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়। এ অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় দুই ব্যক্তিকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জমির মালিক শাহরাস্তি উপজেলার খেড়িহর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মো. আবদুর রহমান এবং ড্রেজার মেশিনের মালিক মো. ফারুক হোসেন। আবদুর রহমানকে ১ লাখ টাকা এবং ফারুক হোসেনকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ফারুক হোসেনের বাড়ি মনোহরগঞ্জ উপজেলায়।
শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে উপজেলা আনসার ও গ্রামপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
কৃষিজমির মাটি কাটা, মালিকসহ দুইজনকে অর্থদণ্ড

ফটোকার্ড ডাউনলোড


