কৃষি খবর ডেস্ক: ফেনীতে দৃশ্যমান মূল্য তালিকা না থাকায় দুই ফল ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৫ অক্টোবর) দুপুরে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক, ট্রাংক রোড ও বড় বাজার এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকিতে এ অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে কাইয়ুম ফল বিতানকে ৪ হাজার টাকা এবং বিসমিল্লাহ ফল বিতানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় আমদানিকৃত ফল, ডাব, ডিম, ভোজ্যতেল ও সিলিন্ডার গ্যাসসহ বিভিন্ন নিত্যপণ্যের সরবরাহ, মজুত ও মূল্য পরিস্থিতি যাচাই করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের ক্রয় রসিদ ও বিক্রয়সংক্রান্ত তথ্য পরীক্ষা করা হয়।

অভিযানে জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল সহযোগিতা করে। ভোক্তা সচেতনতা বাড়াতে এ সময় লিফলেটও বিতরণ করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, জনস্বার্থে বাজার তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।