কৃষি খবর ডেস্ক: মা ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথম ছয়দিনে ইলিশ শিকারের অপরাধে ৪৪ জন জেলেকে আটক, চার লাখ ৬৯ হাজার মিটার কারেন্ট জাল ও ১৬টি নৌকা জব্দ করেছে চাঁদপুর কোস্টগার্ড। আটকদের মধ্যে ৩৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এদিকে, বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত পদ্মা মেঘনা নদীর বিভিন্ন স্থানে কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মুহতাদিন ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় জাল, নৌকা ও জেলেদের আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, আটক জেলেদের মধ্যে ৩৮ জনকে কারাদণ্ড এবং ১৭ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া নদী থেকে প্রায় ৪ লক্ষ ৬৯ হাজার ৮০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬৪ লক্ষ ৪৩ হাজার টাকা। বিভিন্ন স্থান থেকে ৯০ কেজি ইলিশ এবং অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত ১৬টি বোট জব্দ করা হয়।
কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মুহতাদিন ইসলাম জানান, জেলা প্রশাসন, মৎস্য বিভাগ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথ ও সমন্বিতভাবে এ অভিযান অব্যাহত রয়েছে। আইনি ব্যবস্থার পাশাপাশি জেলেদের সচেতন করতে নদী তীরবর্তী এলাকায় মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।





