নিজস্ব প্রতিবেদক: অস্বাস্থ্যকর ও অনিরাপদ ড্রামে খোলা ভোজ্যতেল বিক্রয়ের অপরাধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর দুই প্রতিষ্ঠানকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা।

সোমবার (১৯ অক্টোবর) অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল এবং প্রধান কার্যালয়ের সহকারী প্রোগ্রামার জনাব রিয়াদ আহমেদের নেতৃত্বে কারওয়ান বাজার কিচেন মার্কেট ও মোহাম্মদপুর থানাধীন কৃষি মার্কেটে খোলা সয়াবিন ও পাম তেল বিক্রি তদারকি করা হয়। 

অভিযানে কৃষি মার্কেটের মেসার্স সততা স্টোরে ইউরিয়া ফরমালডিহাইডের (Urea Formaldehyde) ড্রামে বিক্রির জন্য খোলা সয়াবিন তেল সংরক্ষণের অপরাধে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ড্রামে থাকা প্রায় ২০৪ লিটার সয়াবিন তেল বিনষ্ট করা হয়।

পাশাপাশি একই মার্কেটের হেলাল জেনারেল স্টোরে অস্বাস্থ্যকর ও অনিরাপদ ড্রামে  ড্রামে খোলা সয়াবিন ও পাম তেল সংরক্ষণসহ নানা অনিয়মের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় ব্যবসায়ীদের অস্বাস্থ্যকর ও অনিরাপদ ড্রামে খোলা ভোজ্যতেল সংরক্ষণ ও বিক্রয় থেকে বিরত থাকাসহ খোলা ভোজ্যতেলের পাত্রে প্রয়োজনীয় তথ্যসংবলিত লেবেল প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়।