কৃষি খবর ডেস্ক: গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্জন, গবেষণা ও উদ্ভাবনের নানা অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অবহিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রপতির কার্যালয়ে গিয়ে ভিসি কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক পরিমণ্ডলে সাফল্য এবং দেশের কৃষি ও কৃষকের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সার্বিক অগ্রযাত্রার তথ্য শুনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন এবং দেশের কৃষিক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পরামর্শ দিয়েছেন।
উপাচার্য ড. জিকেএম মোস্তাফিজুর রহমান রাষ্ট্রপতিকে জানান, গবেষণা, উদ্ভাবন, একাডেমিক উৎকর্ষ ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে বিশ্ববিদ্যালয় ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে। বাংলাদেশের প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিযোগিতা করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
আন্তর্জাতিক বিভিন্ন র্যাঙ্কিংয়ে জাতীয় পর্যায়ে শীর্ষস্থানীয় অবস্থান এবং বৈশ্বিক পরিসরে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের কথাও জানান তিনি। পাশাপাশি গবেষণায় অর্থায়ন বৃদ্ধি, শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণ, একাডেমিক মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নেও বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
উচ্চশিক্ষা ও গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার অংশ হিসেবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক সম্মেলন আয়োজন এবং শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে কার্যকর সহযোগিতা বা ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন সম্প্রসারণের উদ্যোগের কথাও তুলে ধরেন উপাচার্য।
তিনি বলেন, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যচাহিদা পূরণ, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা এবং কৃষির টেকসই উন্নয়নে উপকূলীয় অঞ্চলের উপযোগী ও লবণাক্ততা-সহনশীল ফসলের জাত উদ্ভাবনের পাশাপাশি গবেষণা জোরদার করা হচ্ছে। একই সঙ্গে মাঠ পর্যায়ে কৃষি প্রযুক্তির কার্যকর সম্প্রসারণ, দুটি টেকনোলজি ভিলেজকে অধিক জনবহুল এলাকায় স্থানান্তর ও বহুমুখীকরণ এবং গবেষণালব্ধ উদ্ভাবন কৃষকের বাস্তব উপকারে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলে আরও ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. জাহিদুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. সফিউল ইসলাম আফ্রাদ এবং রেজিস্ট্রার আব্দুল্লাহ মৃধা।






