কৃষি খবর ডেস্ক: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আগামী পাঁচ বছরে সারাদেশে ৫০ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জামালপুরের বাগেরহাটা প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংসদ সদস্য ও বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ড. নিলোফার চৌধুরী মনি।
অনুষ্ঠানে ড. নিলোফার চৌধুরী মনি বলেন, বিগত সরকারের আমলে অনিয়ন্ত্রিতভাবে বৃক্ষনিধনের ফলে দেশে পরিবেশ ও আবহাওয়ার মারাত্মক অবক্ষয় ঘটেছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে হলে ব্যাপকভাবে বনায়নের কোনো বিকল্প নেই। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণের কথা তুলে ধরেন।
পরে তিনি শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে চারা বিতরণ করেন এবং স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান, জেলা শ্রমিকদলের সভাপতি শেখ আব্দুস সোবহানসহ বিএনপি, যুবদল, শ্রমিকদল ও ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ।



