জেলা প্রতিনিধি, নীলফামারী: ভোরের আলো ফুটতেই জমিতে লালশাক তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক মোতালেফ হোসেন। জমি থেকে লালশাক তুলে বাজারে বিক্রির প্রস্তুতি নিচ্ছেন তিনি।
নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের দোগাছী গ্রামের এই কৃষক মাত্র ১০০ টাকার লালশাকের বীজ কিনে চাষ শুরু করেন। এখন সেই চাষ থেকেই বাড়তি আয়ের স্বপ্ন দেখছেন তিনি।
কৃষক মোতালেফ হোসেন জানান, মাত্র ১০০ টাকার লালশাকের বীজ কিনে জমিতে রোপন করেন তিনি। বর্তমানে জমিতে লালশাক ভালো হয়েছে। বাজারে ভালো দাম পেলে এই লালশাক বিক্রি করে এক হাজার থেকে দেড় হাজার টাকা আয় করতে পারবেন বলে আশা করছেন তিনি।
তিনি আরও জানান, মাত্র ৯ শতক জমিতে লালশাক, শিম ও নাফা শাক চাষ করেছেন। অল্প জমিতে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করেন পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয় করাই তাঁর লক্ষ্য।
কম খরচে স্বল্প পরিসরে শাকসবজি চাষ করে আয় করার এমন উদ্যোগ স্থানীয় কৃষকদের জন্যও অনুপ্রেরণা হতে পারে। তবে উৎপাদিত শাকসবজির ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে কৃষকেরা আরও উৎসাহিত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





