কৃষি খবর ডেস্ক: দিনাজপুর জেলায় চলতি আমন মৌসুমে লক্ষ্যমাত্রার অতিরিক্ত ১ হাজার ৪৮০ হেক্টর জমিতে আমন ধান চাষ হওয়ায় মোট ২ লক্ষ ৭৩ হাজার ৭৫০ হেক্টর জমিতে আমন ধানের বাম্পার ফলন হয়েছে।
দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. আফজাল হোসেন গতকাল সোমবার এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চলতি বছর জেলায় মোট ২ লাখ ৭২ হাজার ২৭০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। মৌসুমের শুরু থেকেই আমন ধান চাষযোগ্য অনুকূল আবহাওয়া থাকায় লক্ষ্যমাত্রার অতিরিক্ত ১ হাজার ৪৮০ হেক্টর জমিতে আমন ধান চাষ করা সম্ভব হয়েছে। কোনো প্রকৃতিক দুর্যোগ না হলে এবারে আমন ধানের বাম্পার ফলন হওয়ার সম্ভবনা রয়েছে।
কৃষি বিভাগের জানায়, চলতি মৌসুমে ২ লাখ ৭২ হাজার ২৭০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। এরমধ্যে উচ্চ ফলনশীল জাতের ২ লাখ ৩৭ হাজার ৭২০ হেক্টর, হাইব্রিড জাতের ২৫ হাজার ৩৫০ হেক্টর এবং স্থানীয় জাতের ৯ হাজার ২শ’ হেক্টর জমিতে আমন ধান চাষের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। এই মৌসুমে প্রায় ৮ লাখ টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সরজমিন গিয়ে, জেলার চিরিরবন্দর উপজেলার তেতুলিয়া গ্রামের কৃষক নরেন চন্দ্র রায়ের কথা হলে তিনি বলেন, ‘আমি এ বছর আড়াই একর জমিতে আমন ধান চাষ করেছি। এরমধ্যে ২ একর জমিতে উচ্চ ফলনশীল এবং ৫০ শতক জমিতে হাইব্রিড জাতের ধান চাষ করেছি। এখন পর্যন্ত ধানের ক্ষেতে রোগ বালাই নেই এবং খুব ভালো রয়েছে। আশা করছি এবারে ভালো ধানের ফলন ঘরে তুলতে পারবো। সে আশায় ধান ক্ষেতে নিজে পরিচর্যা করে যাচ্ছি’।
দিনাজপুর কৃষি অধিদপ্তর সুত্র জানায়, বিগত সময় জেলায় উৎপাদিত ধানের অর্ধেক এই জেলার খাদ্যের চাহিদা পূরণ করত। এবারে গত ইরি-বোরো মৌসুম এবং চলতি আমন মৌসুমে বাম্পার ধানের ফলন উৎপাদিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ধানের অর্ধেকের বেশি উৎপাদিত চাল দেশের অন্য জেলায় চাহিদা পূরণ করা সম্ভব হবে।





