কৃষি খবর ডেস্ক: পদ্মা-মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা সফল করতে জেলেদের সচেতন করার লক্ষ্যে নৌপথসভা ও লিফলেট বিতরণ করেছে জেলা টাস্কফোর্স। 

বুধবার বিকেল ৪টায় জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, নৌ পুলিশ ও কোস্ট গার্ডের যৌথ অংশগ্রহণে পদ্মা-মেঘনা নদীতে এ নৌপথসভা অনুষ্ঠিত হয়।

নৌ-পথসভায় চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদ, হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুবুর রশীদ, কোস্ট গার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিষেধাজ্ঞার সময় নদীতে মাছ ধরা, ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রয়সহ সংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার বিষয়ে জেলেদের সতর্ক করা হয়। পাশাপাশি নিষেধাজ্ঞা সংক্রান্ত বিভিন্ন তথ্যসম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বাসসকে বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। 

নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ ধরলে কিংবা ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রয়ের সঙ্গে জড়িত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।