কৃষি খবর ডেস্ক: পটুয়াখালীর দশমিনায় তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় তিন জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও নৌপুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) গভীরে রাতে উপজেলার তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাবিব হাওলাদার (৫৫), মাহাবুব খাঁ (৫২) ও খোকন হাওলাদার (৪৫)।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। এ সময় দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলী হোসেন, উপজেলা মৎস্য বিভাগের উপসহকারী মো. আমিনুল ইসলামসহ নৌপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা আটক তিন জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার ২২ দিনের জন্য ইলিশ আহরণে নিষেধাজ্ঞা দিয়েছে। এ সময় নদী ও সাগরে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। নিষেধাজ্ঞা কার্যকর করতে তেঁতুলিয়া নদীতে নিয়মিত অভিযান চালানো হবে। কেউ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ বন্ধ থাকবে। এ সময় মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ পাবে, যা ভবিষ্যতে ইলিশের উৎপাদন ও মৎস্যসম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





