কৃষি খবর ডেস্ক: বরগুনার আমতলীতে ইলিশের জাল তুলতে গিয়ে স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ জেলে ওমর আলী গাজীর (৫৫) ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া এলাকা সংলগ্ন পায়রা নদী থেকে তার মরদেহ উদ্ধার হয়।
নিহত ওমর আলী গাজী আমতলী পৌরসভার লোচা এলাকার মৃত্যু আব্দুল হাকিম গাজীর ছেলে।
নৌ-পুলিশ জানায়, গত বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আমতলী উপজেলার লোচা এলাকা সংলগ্ন পায়রা নদীতে ইলিশ ধরার জাল তুলতে গিয়ে নদীতে পড়ে তীব্র স্রোতে নিখোঁজ হন ওমর আলী গাজী। তার সঙ্গে থাকা অন্য জেলে জলিলুর রহমান তাৎক্ষণিক চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেননি।
ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়েও তার কোনো সন্ধান মেলেনি।
ওই ঘটনার দুই দিন পর শুক্রবার (৯ অক্টোবর) সকালে তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকা সংলগ্ন পায়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। খবর পেয়ে নৌ-পুলিশ স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে তীরে নিয়ে আসে। পরবর্তীতে নিখোঁজ ওমর আলী গাজীর স্বজনরা এসে তার মরদেহ শনাক্ত করেন।
নিহতের ভাই আক্কেল আলী গাজী বলেন, ভাই নিখোঁজ হওয়ার পর থেকেই আমরা নদীর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছিলাম। আজ সকালে খবর পেয়ে তেঁতুলবাড়িয়া এলাকায় আসি। পেটে থাকা অপারেশনের দাগ দেখে মরদেহ শনাক্ত করেছি।
তালতলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাগর ভদ্র বলেন, উদ্ধার করা মরদেহটি নিখোঁজ জেলে ওমর আলী গাজীর বলে নিশ্চিত হওয়া গেছে।





