কৃষি খবর ডেস্ক: নোয়াখালীর হাতিয়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে একটি ইঞ্জিনচালিত মালবাহী বোট থেকে প্রায় ৫ হাজার কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও নৌ পুলিশ। পরে জব্দ করা এসব মাছ স্থানীয় বিভিন্ন এতিমখানা ও গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) হাতিয়া উপজেলার নলচিরা ইউনিয়নের নলচিরা ঘাটের প্রায় ৩০০ মিটার পশ্চিমে মেঘনা নদীর একটি শাখা খালে এ অভিযান চালানো হয়।

নৌ-পুলিশের সদরদপ্তর সূত্রে জানা যায়, মা ইলিশের প্রজনন সুরক্ষা ও সংরক্ষণ নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ি যৌথভাবে এ বিশেষ অভিযান চালায়। এ সময় একটি ইঞ্জিনচালিত মালবাহী বোটে তল্লাশি করে আনুমানিক ৫ হাজার কেজি ইলিশ জব্দ করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে ইউএনওর উপস্থিতিতে জব্দ করা ইলিশ স্থানীয় বিভিন্ন এতিমখানা এবং গরিব মানুষের মধ্যে বিতরণ করা হয়।