কৃষি খবর ডেস্ক: পটুয়াখালী জেলার কলাপাড়ায় ৪টি পাহাড়ি বন্য বানরসহ চার বাজিকরকে আটক করেছে এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। পরে বন্যপ্রাণী সংরক্ষণে অঙ্গীকারনামা দেওয়ায় বন বিভাগের পক্ষ থেকে তাদের ছেড়ে দেওয়া হয়।

আজ শনিবার বেলা ১১টার দিকে বন বিভাগের সহায়তায় কলাপাড়া শহরের ব্রিজসংলগ্ন সিএনজি স্ট্যান্ডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা বানরগুলোর বয়স ১৫ থেকে ২০ বছরের মধ্যে।

আটক ব্যক্তিরা হলেন, চট্টগ্রামের মিরসরাই উপজেলার মো. মোস্তাক (৫০), মো. লোকমান (৪০), মো. লিটন মীর (৫৫) ও মো. কামরুল (৫০)। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ঘুরে বন্য বানর দিয়ে খেলা দেখিয়ে আসছিলেন।

এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বানরসহ চার বাজিকরকে আটক করা হয়। বন বিভাগের সহায়তায় উদ্ধার করা বানরগুলো সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

তিনি বলেন, বন্যপ্রাণীর সুরক্ষা নিশ্চিত করতে তারা কাজ করছেন। বন্যপ্রাণীকে ব্যবহার করে খেলা দেখানোর মতো কর্মকাণ্ড বন্ধে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০২৬ অনুযায়ী, লাইসেন্স ছাড়া বন্যপ্রাণী শিকার, লালন-পালন, আবদ্ধ রাখা, ক্রয়-বিক্রয় ও পরিবহন দণ্ডনীয় অপরাধ।