কৃষি খবর ডেস্ক: নাটোরের সিংড়ায় বক দিয়ে কৌশলে বক পাখি শিকারের অপরাধে ৩ জনকে জেল ও জরিমানা দেওয়া হয়েছে। শনিবার (৩ অক্টোবর) ভোরে উপজেলা প্রশাসন এবং রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের নির্দেশে সিংড়ার চলনবিলের আগমুরশন, বামিহাল, কাকিয়ান, পূর্বভেংড়ী বিলের বিভিন্ন পয়েন্টে অভিযান চালান চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। অভিযানে তিন পাখি শিকারি সহ অর্ধশত বকপাখি উদ্ধার করা হয়। ধ্বংস করা হয় বক শিকারের জন্য ধান ক্ষেতে বিশেষ ভাবে তৈরি কিল্লা ঘরের দশটি ফাঁদ। পরে উপজেলা প্রশাসনের উপস্থিতিতে উদ্ধার করা অর্ধশত পাখি অবমুক্ত করা হয়।

আটক তিন শিকারির একদিন জেল ও দুই হাজার টাকা করে জরিমানা করেন ভ্রামমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম। দন্ডপ্রাপ্তরা হলেন, পূর্বভেংড়ী গ্রামের মকছেদ আলী (৫২) আবু হানিফ (৩৮) ও আব্দুর রশিদ (৫৭)। 

অভিযানে উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হারুন-অর-রশিদ, যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান শিমুল, প্রভাষক নাহমাদুল হক, পরিবেশকর্মী আবু বক্কর সিদ্দিক, আতিকুর রহমান, অনিক আহমেদ, রিপন হোসেন, ইলিয়াস হোসেন, শফিকুল ইসলাম প্রমূখ। 

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, বিলের বিভিন্ন পয়েন্টে ধান ক্ষেতে বিশেষ ভাবে তৈরি কিল্লা ঘর ফাঁদে পাখি শিকারের খবর পান। পরে প্রশাসনের নির্দেশে অভিযান পরিচালনা করে তিন শিকারি সহ পাখি উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত পাখি অবমুক্ত ও জীববৈচিত্র্য রক্ষায় এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ ও প্রচারণা চালানো হয়।