কৃষি খবর ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদায় নাঈম অটো মোবাইল ও বীজ ভান্ডারের গোডাউন থেকে ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় গোডাউনটি সিলগালা করা হয়েছে। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নাঈম হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় দামুড়হুদা উপজেলা গেটের সামনে অবস্থিত প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ সরকার উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে নাঈম অটোমোবাইল ও বীজ ভান্ডারে অভিযান চালানো হয়। এসময় প্রতিষ্ঠানটির গোডাউনে অবৈধভাবে মজুদ করা ১ হাজার ৫০০ বস্তা সার পাওয়া যায়। পরে গোডাউনটি বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। অভিযুক্ত ব্যবসায়ীকে আটকের চেষ্টা চলছে।





