কৃষি খবর ডেস্ক: নাটোরের লালপুরে সাব-ডিলারের কাছে ২০ বস্তা সার বিক্রির ঘটনায় ভাই ভাই ট্রেডার্সের মালিক ও সার ডিলার ওয়াহিদুল ইসলাম খোকনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় তাকে এ অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লালপুর সদর ইউনিয়নের সার ডিলার ভাই ভাই ট্রেডার্সের মালিক ওয়াহিদুল ইসলাম খোকন ঈশ্বরদী ইউনিয়নের সাব-ডিলার বাবুর কাছে ২০ বস্তা সার বিক্রি করেন। পরে সারগুলো পরিবহনের সময় স্থানীয় লোকজন গাড়িটি আটকে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি যাচাই করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন। এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত কুমার সরকার উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত কুমার সরকার বলেন, ‘সার বিতরণ ও বিক্রির ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুসরণ করা জরুরি। কৃষকের কাছে সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে সার বিক্রির কার্যক্রম নজরদারিতে রাখা হচ্ছে। কোনো অনিয়মের তথ্য পাওয়া গেলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন বলেন, ‘সার বিক্রির ঘটনায় অভিযোগ পাওয়ার পর বিষয়টি যাচাই করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সংশ্লিষ্ট আইনের ধারায় সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে সার ডিলার ওয়াহিদুল ইসলাম খোকনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।





