কৃষি খবর ডেস্ক: চুয়াডাঙ্গায় অবৈধভাবে সার মজুদ ও অননুমোদিত কীটনাশক রাখার দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫৬ বস্তা রাসায়নিক সার ও বিপুল পরিমাণ অননুমোদিত কীটনাশক জব্দ করা হয়।
সোমবার (১২ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামে এ অভিযান চালান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম সোহাগ মিয়া। তিনি সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের আবু বক্কর মাস্টারের ছেলে। বোয়ালমারী গ্রামের তার ব্যবসাপ্রতিষ্ঠান সোহাগ স্টোরে অভিযান চালিয়ে সরকারি বিধিমালা লঙ্ঘন করে মজুদ করা সার ও কীটনাশক জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সার ব্যবস্থাপনা আইন ও সংশ্লিষ্ট বিধিমালা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা মালামাল সরকারি হেফাজতে নেওয়া হয়েছে। জব্দ করা সার সরকারি মূল্যে কৃষকদের মধ্যে বিক্রি করা হবে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম বলেন, ‘কৃত্রিম সারসংকট সৃষ্টি ও কৃষকদের প্রতারিত করার উদ্দেশ্যে অবৈধভাবে সার মজুদ করা হয়েছিল।
সারের বাজার স্থিতিশীল রাখা, অবৈধ মজুদ প্রতিরোধ এবং কৃষকদের স্বার্থ সুরক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের জনস্বার্থমূলক অভিযান অব্যাহত থাকবে।’





