জেলা প্রতিনিধি, নীলফামারী: ভোরের ঘাস ও গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। প্রকৃতিতে বইতে শুরু করেছে শীতের আমেজ। শীতকে বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছেন নীলফামারীর মানুষ।
শীত এলেই গ্রামবাংলার ঘরে ঘরে শুরু হয় নানা ধরনের মুখরোচক পিঠা তৈরির আয়োজন। বিশেষ করে ভাপা পিঠা, তেলুয়া পিঠা, নারিকেল পিঠা, জামাই পিঠা ও নুনচা পিঠাসহ নানা ঐতিহ্যবাহী পিঠার স্বাদ নিতে অপেক্ষায় থাকেন শীতপ্রেমীরা।
গ্রামাঞ্চলে শীতের সকালে খেজুরের রস, গরম গরম পিঠা আর পরিবারের সদস্যদের সঙ্গে আড্ডা যেন বাঙালির চিরচেনা ঐতির্য্য। তাই শীতের আগমনী বার্তায় প্রকৃতির পাশাপাশি মানুষের মনেও বইছে উৎসবের আমেজ।





