কৃষি খবর ডেস্ক: গত তিন মাসে ১৯৩ কোটি টাকার গরুর মাংস বিদেশে রপ্তানি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। রপ্তানির পরিমাণ আরও বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, বিদেশে আরও বেশি পরিমাণে গরুর মাংস রপ্তানির জন্য সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। একই সঙ্গে মাংসের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

এর আগে পরিবেশের ভারসাম্য রক্ষায় বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ড. এসএম আব্দুল আওয়াল, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহজামান খান তুহিন এবং প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক উপস্থিত ছিলেন।