কৃষি খবর ডেস্ক: বায়ুদূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, এরপর উজবেকিস্তানের তাসখন্দ এবং তিন নম্বরে পাকিস্তানের আরেক শহর করাচি। আর ঢাকা আজ বায়ুদূষণ তালিকায় চার নম্বরে রয়েছে।

সকাল ৯টা ৪ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

এরপরে রয়েছে ইরাকের বাগদাদ আর তারপর ভারতের দিল্লি।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সে হিসেবে, লাহোরের দূষণ স্কোর ৪৪৮ অর্থাৎ সেখানকার বাতাস দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায়ে রয়েছে। ঢাকার দূষণ স্কোর ১৬৭ অর্থাৎ এখানকার বাতাস অস্বাস্থ্যকর।