কৃষি খবর ডেস্ক: বাংলাদেশে জাপানি বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের টোকিওতে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) প্রেসিডেন্ট কাতাওকা সুসুমুর সঙ্গে সৌজন্য বৈঠকে তিনি এ কথা বলেন।
বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, দক্ষ জনশক্তি তৈরি এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়।
বিনিয়োগের সম্ভাবনাময় খাত
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে উন্নত উৎপাদনশিল্প, তথ্যপ্রযুক্তি, অটোমোবাইল, নবায়নযোগ্য জ্বালানি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে জাপানি বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এসব খাতে বিনিয়োগ বাড়াতে জেটরোর সহযোগিতাও কামনা করেন তিনি।
এ ছাড়া বাংলাদেশের রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়াতে জাপানের কার্যকর সহযোগিতা চান প্রধানমন্ত্রী। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে ‘বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বৈঠকে উভয় পক্ষ একমত হয়।
দক্ষ জনশক্তি তৈরিতে সহযোগিতা
বাংলাদেশের তরুণদের দক্ষতা উন্নয়ন এবং জাপানি ভাষা প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠায় জাপানের সহযোগিতা চেয়েছেন তারেক রহমান। তাঁর মতে, এসব উদ্যোগের মাধ্যমে জাপানের শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠানোর সুযোগ বাড়বে এবং দুই দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারত্ব আরও সুদৃঢ় হবে।
জেটরোর প্রেসিডেন্ট কাতাওকা সুসুমু বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ বৈশ্বিক বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। বর্তমান সরকারের বিভিন্ন নীতি ও উদ্যোগের ফলে বাংলাদেশে ব্যবসা ও নতুন বিনিয়োগের বিষয়ে জাপানি কোম্পানিগুলোর আগ্রহ বেড়েছে বলেও জানান তিনি।
বৈঠক শেষে জেটরোর প্রেসিডেন্টের আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় কাতাওকা সুসুমুকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি।






