কৃষি খবর ডেস্ক: জেলার লৌহজং উপজেলায় আজ পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযানকালে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ এবং ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আজ শনিবার সকাল ৭ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত পদ্মা নদীর লৌহজং অংশে লৌহজং উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য বিভাগ এবং নৌ পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানকালে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ মাছ ধরার দায়ে আটজনকে আটক করা হয়।
পরে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতুর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত আটককৃত আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।
কারাদণ্ড প্রাপ্তরা হলেন- মাদারীপুর জেলার শিবচরের হাসান মিয়া (২৯), মো. রাশেদ (১৯) , নুর মোহাম্মদ (৪৫), নুর ই আলম (৪৮), ইউনুস বেপারী (৫৫) এবং মুন্সীগঞ্জ জেলার লৌহজংয়ের মো. মাসুদ (২৫), রতন (৫০), রমজান মোড়ল (৩০)।
অভিযানকালে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম আজাদ, লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম সহ নৌ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট এবং কারাদণ্ড প্রাপ্তদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





