জ্যেষ্ঠ প্রতিবেদক: পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরে রাশিয়ার অর্থায়নে সর্বোচ্চ ৫ লাখ মেট্রিক টন ধারণক্ষমতার গমের সাইলো নির্মাণের প্রস্তাব দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। প্রাথমিকভাবে ২ লাখ টন ধারণক্ষমতা নিয়ে কার্যক্রম শুরু করে পর্যায়ক্রমে তা ৫ লাখ টনে উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। প্রস্তাবটিকে স্বাগত জানিয়েছে রাশিয়া।
মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্দার কোজিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে রাশিয়ার রাষ্ট্রদূত সরকার-টু-সরকার বা জি টু জি ভিত্তিতে বাংলাদেশে গম রপ্তানির প্রস্তাব দেন। পাশাপাশি কক্সবাজারের মহেশখালীতে রাশিয়ার অর্থায়নে গমের সাইলো নির্মাণের প্রস্তাবও তুলে ধরেন তিনি।
জবাবে খাদ্যমন্ত্রী জানান, রাশিয়া থেকে সরকারি পর্যায়ে গম আমদানির প্রস্তাব পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। তবে মহেশখালীতে বড় সাইলো নির্মাণের জন্য উপযুক্ত জমি পাওয়া কঠিন হতে পারে। তাই বিকল্প হিসেবে পায়রা সমুদ্রবন্দরের অব্যবহৃত জায়গা ব্যবহারের প্রস্তাব দেন তিনি।
খাদ্যমন্ত্রীর মতে, পায়রা বন্দরে প্রয়োজনীয় অবকাঠামো ও যোগাযোগ সুবিধা থাকায় সেখানে বড় ধারণক্ষমতার গমের সাইলো নির্মাণের সম্ভাবনা রয়েছে। এতে রাশিয়া থেকে আমদানি করা গম সংরক্ষণের পাশাপাশি দেশের বেসরকারি আমদানিকারকদের কাছে গম বিক্রি এবং সরকারের প্রয়োজনে মজুত গম কেনার সুযোগ তৈরি হতে পারে।
তিনি আরও জানান, পায়রা বন্দরে সাইলো নির্মাণ করা হলে নারায়ণগঞ্জ ও সিরাজগঞ্জের বাঘাবাড়ীসহ দেশের গুরুত্বপূর্ণ গম পরিবহন ও সরবরাহকেন্দ্রগুলোতে গম পৌঁছানো সহজ হতে পারে। এতে দেশের গম সংরক্ষণ ও সরবরাহব্যবস্থা আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য রাশিয়ার রাষ্ট্রদূতকে পায়রা সমুদ্রবন্দর সরেজমিনে পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন খাদ্যমন্ত্রী। পরিদর্শনের মাধ্যমে উপযুক্ত স্থান, অবকাঠামোগত সুবিধা ও প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে বলে তিনি মনে করেন।
রাশিয়ার রাষ্ট্রদূত প্রস্তাবটিকে স্বাগত জানিয়ে এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
সংশ্লিষ্টদের মতে, প্রস্তাবটি বাস্তবায়িত হলে গম সংরক্ষণের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আমদানি করা গমের সরবরাহ ব্যবস্থাপনায় নতুন সুযোগ তৈরি হতে পারে। তবে প্রকল্পটির বাস্তবায়ন, অর্থায়ন ও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো প্রস্তাব পর্যালোচনা ও সম্ভাব্যতা যাচাইয়ের ওপর নির্ভর করছে।





