কৃষি খবর ডেস্ক: নোয়াখালীর সোনাইমুড়ী, বেগমগঞ্জ, কোম্পানীগঞ্জ ও হাতিয়া উপজেলায় মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনা করা হয়েছে। পৃথক এসব অভিযানে ১১০ কেজি ইলিশ মাছ ও ২৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এ সময় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে সকালে সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া বাজারে মাছের আড়তে অভিযান চালানো হয়। এ সময় ৬০টি ইলিশ মাছ জব্দ করা হয়, যার আনুমানিক ওজন ৫০ কেজি। পরে জব্দ করা মাছ মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। অভিযানে সোনাইমুড়ী উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করে।
এদিকে, মা ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথম দিনে বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার ও মাছের আড়তে অভিযান চালানো হয়। এ সময় ২০টি ইলিশ মাছ জব্দ করা হয়। এসব মাছের আনুমানিক ওজন ১৬ থেকে ১৮ কেজি। পরে জব্দ করা মাছ এতিমখানায় বিতরণ করা হয়।
অন্যদিকে, কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন মাছের আড়ত ও মাছবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় একটি আড়ত থেকে আনুমানিক ৩০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। একই অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করায় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া হাতিয়া উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে ২৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ জানান, মা ইলিশের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলার বিভিন্ন উপজেলায় প্রশাসন ও মৎস্য বিভাগের অভিযান অব্যাহত রয়েছে।





