কৃষি খবর ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রামে সম্প্রতি একটি প্রতিষ্ঠানের ভুট্টার বীজ নিয়ে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং উপজেলার সর্বত্র নকল বীজ, সার ও কীটনাশক বিক্রির প্রতিবাদে মানববন্ধন করেছেন সাধারণ কৃষকরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে পাটগ্রাম পশ্চিম চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কৃষকদের অভিযোগ, নকল বা নিম্নমানের বীজের কারণে ফসলের ক্ষতি হলে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন তাঁরা। তাই বীজ, সার ও কীটনাশকের মান নিয়ন্ত্রণ এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হচ্ছে।
মানববন্ধন শেষে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন সাধারণ কৃষকরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারজানা আখতার বলেন, নকল বীজের খবর পেয়ে সে সময় অভিযান পরিচালনা করে গোডাউন সীলগালা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশাশ দাস। বীজ নকল কিনা যাচাই করতে ল্যাব টেস্টের জন্য পাঠানো হয়েছে, ল্যাব টেস্ট এর ফলাফল আসলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
এ বিষয়ে পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল আলম বসুনিয়া বলেন, ভেজাল ও নকল বীজের খবর পেয়ে প্রশাসন গোডাউন সিলগালা করেছে। বীজ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, জেলা বীজ প্রত্যয়ন অফিস বিষয়টি নিয়ে কাজ করছেন।




