জেলা প্রতিনিধি, নীলফামারী: নীলফামারীতে আগাম ধান না ওঠায় গবাদিপশুর খাদ্যসংকট দেখা দিয়েছে। অন্যদিকে খড়কুটোর দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। বাধ্য হয়ে নদী, খাল ও বিল থেকে কচুরিপানা সংগ্রহ করে পশুদের খাওয়াচ্ছেন কৃষকরা। স্থানীয় ভাবে একে দলকচুও বলে।
নীলফামারীর পলাশবাড়ী জেলেপাড়া এলাকার কৃষক হিয়াবো চন্দ্র রায় গবাদিপশুর খাদ্যের চাহিদা মেটাতে প্রতিদিন নদী-খাল ও বিল থেকে দলকচু কেটে বাড়িতে নিয়ে আসছেন। সংগৃহীত এসব দলকচু তিনি গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহার করছেন।
স্থানীয় কৃষকদের ভাষ্য, বর্তমানে এক পণ খড়কুটোর দাম ৭০০ থেকে ৮০০ টাকা। বাড়তি দামের কারণে অনেক কৃষকের পক্ষে খড়কুটো ক্রয় করতে গবাদিপশুর খাবারের জোগান দেওয়া কঠিন হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়েই বিকল্প খাদ্য হিসেবে নদী-খাল থেকে দলকচু সংগ্রহ করছেন তাঁরা।
কৃষক হিয়াবো চন্দ্র রায়ের মতো অনেক খামারি ও গৃহস্থ কৃষক এখন গবাদিপশু বাঁচিয়ে রাখতে নানা উপায় খুঁজছেন। তাঁদের আশঙ্কা, সময়মতো ধান না ওঠা এবং গো-খাদ্যের উচ্চমূল্য অব্যাহত থাকলে গবাদিপশু পালন আরও ব্যয়বহুল হয়ে উঠবে।





