কৃষি খবর ডেস্ক: ময়মনসিংহের হালুয়াঘাটে বিশেষ অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা হয়েছে বলে সন্দেহ করা ছয়টি গরু জব্দ করেছে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) একটি দল। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার উত্তর পলাশতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ভারত থেকে চোরাই পথে আনা হয়েছে বলে সন্দেহ করা ছয়টি গরু জব্দ করা হয়েছে। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। বিকেল ৫টার দিকে এনএসআইয়ের অভিযানিক দল গরুগুলো হালুয়াঘাট থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
ওসি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।



