জ্যেষ্ঠ প্রতিবেদক: ক্রেতারা রেস্টুরেন্টে কেউ খাবার খায় নিরুপায় হয়ে, আবার কেউ শখের বসে। রেস্টুরেন্টগুলো দাম নেয় আকাশচুম্বী কিন্তু মান নিয়ে সমূহ প্রশ্ন রয়েছে। তেমনি প্রশ্নের মুখে পড়েছে গুলশানের 'পেয়ারি তেহারি' রেস্টুরেন্টটি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর গুলশান-১ এর পেয়ারি তেহারি রেস্টুরেন্টে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ আফরোজ। এ সময়ে রেস্টুরেন্টটির রান্নাঘরের মেঝে নোংরা অবস্থায় পাওয়া যায়। পাশাপাশি, রান্নার মশলা ও আচার লেবেলহীন স্বাস্থ্যঝুঁকিপূর্ণ নন-ফুডগ্রেড পাত্রে সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানের সময় রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, নিবন্ধন সনদ, প্রেমিসেস লাইসেন্স, রেস্টুরেন্টকর্মীদের স্বাস্থ্য সনদ ও পানি পরীক্ষার সনদ পাওয়া যায়নি। এসব অপরাধের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে তা আদায় করা হয়।





