কৃষি খবর ডেস্ক: রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের মাছ, পানি ও তলদেশের মাটিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করেছেন গবেষকরা। বিভিন্ন গবেষণায় মাছের নমুনা বিশ্লেষণে ক্ষুদ্র প্লাস্টিক কণা ও তন্তুর সন্ধান পাওয়ার পাশাপাশি পানি ও মাটিতেও এসব দূষকের উপস্থিতি মিলেছে। এতে হ্রদের জলজ পরিবেশ, দেশীয় মাছের প্রজনন এবং খাদ্যশৃঙ্খলের মাধ্যমে মানবদেহে মাইক্রোপ্লাস্টিক প্রবেশের সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গবেষকরা বলছেন, আতঙ্কিত না হয়ে প্লাস্টিক দূষণের উৎস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের বিভিন্ন গবেষণায় কাপ্তাই হ্রদের মাছ ও পরিবেশে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির তথ্য উঠে এসেছে। এসব গবেষণায় রুই, কাতলা, কালিবাউশ, তেলাপিয়া, কাচকি, চাপিলাসহ বিভিন্ন প্রজাতির মাছের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা বিশ্লেষণে মাছের পরিপাকতন্ত্রে প্লাস্টিকের অতিক্ষুদ্র তন্তু, নাইলনের কণা এবং প্লাস্টিকজাত বর্জ্যের ভাঙা অংশ পাওয়া গেছে। সংশ্লিষ্ট গবেষণার ফলাফল আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্রকাশনা প্ল্যাটফর্ম স্প্রিংগার নেচার লিংক ও সায়েন্সডাইরেক্টে প্রকাশিত হয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।

গবেষণার একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ডিসেম্বরে কাপ্তাই হ্রদের রিজার্ভ বাজার, শুভলং বাজার ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ঘাট এলাকা থেকে মাছের নমুনা সংগ্রহ করা হয়। পাঁচ প্রজাতির দেশি ছোট মাছের ৭৫টি নমুনার সব কটিতেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়েছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের মৎস্য সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক সাঈফুদ্দিন রানা বলেন, ‌‌‘কাপ্তাই হ্রদের মাছের মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে গবেষণার ফলাফল আন্তর্জাতিক সাময়িকীতে প্রকাশিত হয়েছে। মূলত এ বিষয়ে সচেতনতা বাড়ানোই গবেষণার অন্যতম উদ্দেশ্য। তবে এর অর্থ এই নয় যে, কাপ্তাই হ্রদের মাছ খাওয়া যাবে না। গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্লাস্টিকদূষণ বন্ধ করা এবং দূষণের উৎস নিয়ন্ত্রণে আনা।’

তিনি আরও বলেন, ‘হ্রদে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল ও অন্যান্য বর্জ্য দীর্ঘসময় পরিবেশে থেকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হতে পারে। এসব কণা পরিবেশের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই দূষণের উৎস বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।’

মাছের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক মানবদেহে প্রবেশ করতে পারে। এর প্রভাব তাৎক্ষণিকভাবে বোঝা না গেলেও দীর্ঘমেয়াদে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ রয়েছে। পরিপাকতন্ত্র, কিডনি ও যকৃতের ওপর সম্ভাব্য প্রভাবের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে জানান রাঙ্গামাটির সিভিল সার্জন নুয়েন খীসা। তবে এসব অঙ্গের ক্ষতির সঙ্গে কাপ্তাই হ্রদের মাছের মাইক্রোপ্লাস্টিকের সরাসরি সম্পর্ক নিশ্চিত করতে আরও বৈজ্ঞানিক তথ্য ও গবেষণা প্রয়োজন বলে মনে করেন তিনি।

কাপ্তাই হ্রদের দূষণ নিয়ন্ত্রণে প্রশাসনিক উদ্যোগের কথা জানিয়ে রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, ‘হ্রদকে দূষণমুক্ত রাখতে প্রশাসন কাজ করছে। দোকানি ও ব্যবসায়ীদের বর্জ্য রাখার জন্য ঝুড়ি দেওয়া হয়েছে। এ বিষয়ে জনসচেতনতা বাড়ানো প্রয়োজন। হ্রদকে দূষণমুক্ত রাখতে শিগগির কাপ্তাই হ্রদে অভিযান পরিচালনা করা হবে।’

১৯৬২ সালে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য নির্মিত কৃত্রিম কাপ্তাই হ্রদ রাঙ্গামাটি অঞ্চলের গুরুত্বপূর্ণ জলাধার। মৎস্য সম্পদ, স্থানীয় মানুষের জীবিকা ও পর্যটনের জন্যও হ্রদটির গুরুত্ব রয়েছে। তবে স্থানীয় বাসিন্দা, ব্যবসাপ্রতিষ্ঠান ও পর্যটকদের ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল, পলিথিন এবং একবার ব্যবহারযোগ্য প্লেটসহ বিভিন্ন ধরনের বর্জ্য হ্রদের দূষণ বাড়াচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। সূত্র: জাগো নিউজ২৪