কৃষি খবর ডেস্ক: জেলায় মা ইলিশ সংরক্ষণের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬ লাখ ৪৩ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে প্রশাসন ও মৎস্য বিভাগ। 

এ অভিযানকালে ১২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৬ লাখ ৩ হাজার ৫শ’ টাকা।

গত ৮ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত জেলার চার উপজেলায় পরিচালিত এসব অভিযানে ৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ৭ টি মামলা করা হয়েছে। 

জব্দ করা জালের মধ্যে কাঁঠালিয়ায় ১ লাখ ১৭ হাজার ২শ’ মিটার, ঝালকাঠি সদরে ১ লাখ ৪০ হাজার ৫শ’ মিটার, নলছিটিতে ২ লাখ ৬৮ হাজার ৮শ’ মিটার এবং রাজাপুরে ১ লাখ ১৬ হাজার ৫শ’ মিটার রয়েছে। জব্দ করা এসব জালের আনুমানিক মূল্য যথাক্রমে ৩৪ লাখ ১৬ হাজার, ৩৫ লাখ ১২ হাজার ৫শ’, ৩৩ লাখ ৪৫ হাজার ও ২৩ লাখ ৩০ হাজার টাকা।

জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞার পুরো সময়জুড়ে সুগন্ধা ও বিষখালী নদীসহ জেলার বিভিন্ন স্থানে অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, পরিবহন, মজুত ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন সুরক্ষায় তিনি জেলেসহ সংশ্লিষ্ট সবাইকে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানান।

প্রসঙ্গত, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন সারা দেশে ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীসহ দেশের নির্ধারিত নদ-নদী ও জলসীমায় কার্যকর রয়েছে।