কৃষি খবর ডেস্ক: মাদারীপুরের শিবচরের পদ্মা নদীতে ইলিশ ধরা বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৯ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে এ সাজা দেওয়া হয়। এর আগে রাতভর পদ্মার বিভিন্ন স্থানে অভিযান চালনো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজানের নেতৃত্বে পদ্মা নদীর মাদারীপুরের শিবচর অংশের বিভিন্ন স্থানে রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মা ইলিশ নিধনের অপরাধে ৯ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা এবং প্রায় ৩ লাখ মিটার জাল জব্দ করা হয়। পরে তা পুড়িয়ে ফেলা হয়েছে।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান বলেন, অভিযান চলমান রয়েছে। মা ইলিশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।





