জেলা প্রতিনিধি, বগুড়া: বগুড়ার ধুনটে মা ইলিশের প্রজনন রক্ষায় যমুনা নদীতে অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা মূল্যের ২ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আজ সোমবার দুপুরে যমুনা নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী। এ সময় উপজেলা মৎস্য কার্যালয়ের সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।

অভিযানে নদী থেকে ১ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল ও ৫০০ মিটার চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।  পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

জানা গেছে, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার নির্ধারিত নিষেধাজ্ঞার সময়ে নদীতে ইলিশ শিকার বন্ধ রাখার নির্দেশনা রয়েছে।  এ সময়ে জেলেদের মাছ ধরা থেকে বিরত থাকতে নিষেধাজ্ঞাকালীন জেলেদের সরকারি সহায়তা দেওয়া হয়।  তবে নিষেধাজ্ঞা অমান্য করে কিছু জেলে নদীতে মাছ শিকারের চেষ্টা করেন।  এ কারণে মা ইলিশের প্রজনন রক্ষা ও অবৈধ মাছ ধরা বন্ধে নদীতে অভিযান পরিচালনা করছে প্রশাসন।  মা ইলিশের প্রজনন রক্ষা ও অবৈধ জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রশাসন।
শফিকুল ইসলাম, বগুড়া।