কৃষি খবর ডেস্ক: মানিকগঞ্জে বাউল সম্রাট লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
এসময় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার সারওয়ার আলমসহ সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ ও নানা শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ ও গান পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি ও জাসাসের শিল্পীরা।
মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, 'লালন সাঁই ধর্ম, বর্ণ ও পরিচয়ের বিভেদ পেরিয়ে মানুষের মিলনের কথা বলেছেন। তিনি আমাদের শিখিয়েছেন, মানুষের সবচেয়ে বড় পরিচয় তার মনুষ্যত্ব।
তিনি বলেন, 'মত ও পথ আলাদা হতে পারে, কিন্তু মানবতার প্রশ্নে আমরা সবাই এক। ভেদাভেদ নয়, সম্প্রীতি; ঘৃণা নয়, ভালোবাসা; বিভাজন নয়, মানুষের মিলন—লালন সাঁইয়ের দর্শন আমাদের সেই পথই দেখায়।'




